ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস অফিস

ইত্তেফাক রিপোর্ট

ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে দেশের শুল্ক স্টেশনগুলো স্বল্প পরিসরে খোলা থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংশ্লিষ্ট শুল্ক অফিস ও কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে রপ্তানি ও রপ্তানি সংশ্লিষ্ট আমদানি পণ্য খালাসে শুল্ক স্টেশনগুলো চালু রাখার জন্য সম্প্রতি তৈরি পোশাক শিল্প-মালিকদের সংগঠন বিজিএমইএ এনবিআরকে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে শুল্ক বিভাগ এ নির্দেশনা জারি করেছে। এনবিআরের শুল্ক নীতি বিভাগের দ্বিতীয় সচিব মেহেরাজুল আলম সম্রাট স্বাক্ষরিত ঐ নির্দেশনায় বলা হয়, রপ্তানি ও রপ্তানি সংশ্লিষ্ট আমদানি পণ্য ছাড়করণের লক্ষ্যে স্বল্প পরিসরে ঈদের ছুটিতে শুল্ক স্টেশনের কার্যক্রম চলমান থাকবে।