ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকা থেকে স্বপ্না আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৯৯৫ পিস ইয়াবা ও ৮৪ গ্রাম হেরোইনসহ র্যাব গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি জাল নোট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার স্বপ্না আক্তার কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের সহযোগী।
র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম জানান, বুধবার ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকা থেকে গ্রেফতার করা স্বপ্নার বিরুদ্ধে চারটি মাদক ও চাঁদাবাজি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্না আক্তার র্যাবকে জানায়, তিনি লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ও জাল টাকা সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব চক্রের মাধ্যমে পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন ধরে মাদক কারবার ও চাঁদাবাজিতে মাটিকাটা এলাকায় গড়ে তুলেছেন নিজস্ব ক্যাডার বাহিনী। যার কারণে মানুষ ভয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে না। কেউ অভিযোগ করলেই তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়।