ত্রাণ বিতরণের সময় ছবি তুলবেন না

করোনা ভাইরাসের তাণ্ডবে বন্ধ হয়ে গেছে মানুষের জীবিকা নির্বাহের শেষ পথটিও। এ দুর্দিনে এগিয়ে আসছেন সমাজের বিত্তশালীরা, বাড়িয়ে দিচ্ছেন মানবতার হাত। কিন্তু সমপ্রতি একটা বিষয় ভীষণভাবে ব্যথিত করে তুলছে, সেটা হলো ত্রাণ দেওয়ার সময় যাকে দেওয়া হচ্ছে তার ছবি তোলা। আবার এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে নিজেকে জনপ্রিয় করার ধান্দায়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যারা চক্ষুলজ্জার ভয়ে আত্মসম্মানবোধের দিকে তাকিয়ে কারো কাছে হাত পাততে পারেন না। এ মহা দুর্যোগে আপনি একজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন—এটা প্রশংসনীয় ও মানবিক; কিন্তু পাশাপাশি তাঁর আত্মসম্মানবোধে আঘাত করা মোটাদাগে নিন্দনীয় ও অমানবিক। এটা কখনোই মানবতার দৃষ্টান্ত হতে পারে না। তাই জাতির এ দুঃসময়ে যাঁরা মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁদের প্রতি বিনীত অনুরোধ, ত্রাণ বিতরণের সময় দয়া করে ছবি তুলবেন না।

ইমরান ইমন

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়