আম্ফানে সুন্দরবনের ক্ষয়ক্ষতি নির্ধারণে চার কমিটি গঠন

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে সুন্দরবনে ক্ষয়ক্ষতি নির্ধারণে চারটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবন থেকে ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী অনলাইন প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিগুলোকে প্রতিবেদন জমা দিতে বলে হয়েছে।

পরিবেশ ও বনমন্ত্রী বলেন, বরাবরের মতো এবারও সুপার সাইক্লোন আম্ফানে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে সুন্দরবনের ক্ষয়ক্ষতি নির্ধারণে চারটি কমিটি গঠন করা হয়েছে। সহকারী বন সংরক্ষক পদাধিকারী রেঞ্জ অফিসারদের নেতৃত্বে এ কমিটিগুলো গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিগুলোকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। মন্ত্রী জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ঘূর্ণিঝড়ে সুন্দরবনে বন বিভাগের ১০টির অধিক কাঠের জেটি এবং ৩০টির অধিক স্টাফ ব্যারাকের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে বন বিভাগের ৬০টির অধিক পুকুরে লবণাক্ত পানি প্রবেশ করেছে। সুন্দরবনের গাছগাছালির মধ্যে কেওড়াগাছ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।