বিদায় মাহে রমজান

আজ ২৮ রমজান। ইসলামে শুক্রবারকে বলা হয় সাইয়েদুল আইয়াম অর্থাত্ দিবসসমূহের সরদার। আর রমজান মাস হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস। এই রমজান মাসের শেষ জুমার দিনকে বলা হয় জুমাতুল বিদা। মুসলিম দুনিয়ায় জুমাতুল বিদা পালিত হয় অত্যন্ত গুরুত্বসহকারে। এদিন মসজিদসমূহে বিপুলসংখ্যক মুসল্লির সমাবেশ ঘটে। জুমার নামাজের খুতবায় ইমাম সাহেব অত্যন্ত আবেগের সঙ্গে খুতবা প্রদান করেন। তিনি খুতবায় আল বেদাউ আল বেদাউ হে রমজান মাস উচ্চারণ করে খুতবায় জুমাকে বিদায় জানান। তিনি বলেন, হে সেহরি ইফতার তারাবির মাস তোমাকে সালাম। আগামী বছর তোমার সঙ্গে সাক্ষাত্ হবে কি না, তা আল্লাহই জানেন। হে কোরআন তিলাওয়াতের      মাস, হে শবেকদরের মাস, হে সিয়াম পালনের মাস তোমাকে সালাম। তোমার সান্নিধ্য পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার।

প্রথম জুমার নামাজ পালিত হয়েছিল ৬২২ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আওয়াল প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে হিজরত করে এসে মদিনায় প্রবেশের আগে বেশ কয়েক দিন কুবাতে অবস্থান করেছিলেন এবং একটি মসজিদ তৈরি করেছিলেন। তিনি এখান থেকে মদিনা মনোয়ারায় প্রবেশের জন্য বিশাল জনতাকে সঙ্গে নিয়ে রওনা হলে পথিমধ্যে আল্লাহ জাল্লাহ শানুহু ওহি নাজিল করেন :ওহে ইমানদারগণ, যখন জুমার দিনে সালাতের আহ্বান আসে, কেনাকাটা বন্ধ করে দ্রুত আল্লাহর জিকিরের জন্য আসো, এতেই তোমাদের কল্যাণ রয়েছে। এই ওহি পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনী সালিম এসে সবাইকে নিয়ে সালাত আদায় করলেন।

লেখক :পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ