প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানে অন্তত ১০ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ইরানের উপস্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএলএনএ।
সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, এই কোভিড-১৯ রোগটি দেশটির স্বাস্থ্য বিভাগের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করছে। এখন পর্যন্ত মারা গেছে ৭ হাজার ২৪৯ জন এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ৩৪১ জন। গত এপ্রিলে এই রোগে আক্রান্ত হয়ে শতাধিক স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। গতকাল দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি ঈদুল ফিতরের সময় ভ্রমণ এড়ানোর জন্য ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন। করোনা সংক্রমণের নতুন ঢেউ এড়ানোর জন্য তিনি এই আহ্বান জানান। পবিত্র রমজান মাসের শেষে ঈদুল ফিতরকে ঘিরে ইরানিরা দেশের বিভিন্ন শহরে ঘুরে বেড়ান। নামাকি বলেছেন, সামাজিক দূরত্বের বিধান না মানা হলে আবারও করোনার নতুন ঢেউ শুরু হতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমি এই ঈদে ভ্রমণ না করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। এ ধরনের ভ্রমণের অর্থ হলো- নতুন নতুন সংক্রমণ...। উচ্চ ঝুঁকিপ্রবণ রেড জোনগুলোতে ভ্রমণ করা থেকে বিরত থাকা উচিত।