প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের আঁতাতের অভিযোগ তদন্তের প্রতিবেদন আপাতত প্রকাশ না করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। আদালতের এ নির্দেশে ট্রাম্প বিরোধীরা হতাশ। খবর ডয়চেভেলের।
২০১৬ সালের নির্বাচনে ‘ট্রাম্প টিম’ ও রাশিয়ার মধ্যে অবৈধ যোগাযোগের অভিযোগ উঠেছিল। ট্রাম্প টিমের বিরুদ্ধে অভিযোগ ২২ মাস ধরে তদন্ত করে ২০১৯ সালের মার্চে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে প্রতিবেদন জমা দিয়েছিলেন রবার্ট মুলার। এক মাস পর ৪৪৮ পৃষ্ঠার সেই প্রতিবেদনের কিছু অংশ বাদে বাকিটা প্রকাশ করা হয়।
এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট মুলারের প্রতিবেদনের অপ্রকাশিত অংশ প্রকাশ করার দাবি জানিয়েছিল ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। বুধবার মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে তা প্রকাশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে আপিল করতে জুন পর্যন্ত সময় পেল ট্রাম্প প্রশাসন। আপিল এবং আপিলের শুনানি হলে প্রতিবেদনের অপ্রকাশিত অংশ প্রকাশ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত ঠেকিয়ে দিতে পারে ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্টের রায়ে এক প্রতিক্রিয়ায় তীব্র হতাশা ব্যক্ত করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।