জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, শুধু লকডাউন করেই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে না। আমাদের দেশে সামাজিক ঘনত্ব অনেক বেশি। স্বাস্থ্য খাতকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। করোনার পরীক্ষা আরো বাড়াতে হবে, পাশাপাশি দ্রুত রিপোর্টের ব্যবস্থা করতে হবে। এজন্য স্বাস্থ্যখাতে ভর্তুকি বাড়াতে হবে। বুধবার রাজধানীর ৩০০ ফুটে কাঞ্চন কেরাবো লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জাপার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ৩ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ত্রাণ বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্যে জাপার মহাসচিব মসিউর রহমান রাঙা সরকারকে অসহায় মানুষদের পর্যাপ্ত ত্রাণ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষ ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। ত্রাণচোরেরা গরিবের হক লুট করে নিচ্ছে। এদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
হাজারীবাগে হাজি শাহজাহানের ত্রাণ বিতরণ
জাপার কেন্দ্রীয় নেতা হাজি মোহাম্মদ শাহজাহান বুধবার রাজধানীর হাজারীবাগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও দুস্থদের মধ্যে ঈদ উপহার ও ত্রাণ বিতরণ করেছেন। টালী অফিস প্রাঙ্গণে ছয় শতাধিক পরিবারের মধ্যে তিনি এ খাদ্যসামগ্রী তুলে দেন। প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, চিনি, সেমাই, পেঁয়াজ, দুধ, আলু ও সয়াবিন তেল দেন। এছাড়া তিনি নগদ অর্থও দান করেন। এসময় তার সঙ্গে জাপার শিল্পবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম, অপু সিকদার, ইস্কান্দার মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।