সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল উপকূলীয় জেলাসমূহে আম্ফানের তীব্র আঘাতে হতাহতের ঘটনাসহ মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা ও গবাদি পশু ধ্বংস হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিএনপি মহাসচিব বলেন, উপকূলীয় এলাকা সাতক্ষীরা দিয়ে আসা এই প্রবল ঘূর্ণিঝড়ে বেশ কয়েকটি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে অনেক এলাকা প্লাবিত হয়েছে। বহু চিংড়ি ঘের ও বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এই দানবীয় ঘূর্ণিঝড়ের আঘাতে। এছাড়া কলাখেত, পানের বরজ এবং আমসহ ফসলি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের জীবন ও সম্পদ হয়েছে বিপন্ন, প্রাণহানিসহ অসংখ্য মানুষ আহত হয়েছেন। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহের জনগণের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের করোনা ভাইরাসের মহামারিতে দুর্বিষহ জনজীবনের ওপর এই প্রবল ঘূর্ণিঝড়ের অভিঘাত এক ভয়াবহ বিপর্যয়। তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীত ঐতিহ্যের ন্যায় উপকূলবর্তী অঞ্চলসমূহের সাহসী মানুষ তাদের শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে জীবন সংগ্রামে বিজয়ী হবে ইনশাহআল্লাহ।