করোনা: জামালপুরে নতুন আক্রান্ত ১২, মৃত ১

করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় জামালপুরে আরো একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসেলেশনে চিকিৎসাধীন অবস্থায় মেলান্দহ উপজেলার বাসিন্দা পরিবহন শ্রমিকের মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৪জনের মৃত্যু হলো।

এদিকে বৃহস্পতিবার জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৩জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুরে এনিয়ে মোট ১৬৯জনের করোনা শনাক্ত করা হলো। এছাড়া পুরাতন ৬জনের পরীক্ষার রির্পোট পুনরায় পজেটিভ এসেছে বলে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান।

জানা যায়, গত মঙ্গলবার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের ৫৩ বছর বয়সী এক পরিবহন শ্রমিকের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে তাকে গত বুধবার শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আইসোলেশনে পাঠানো হয়। তিনি বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে তার লাশ মেলান্দহের ঝাউগড়া নিজ বাড়িতে এনে আইইডিসিআরের নিয়ম মেনে দাফন করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

অপরদিকে শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় জামালপুর সদরের ১জন চিকিৎসক, ইসলামপুরে ১জন, মেলান্দহের ৯জন এবং মিরাজ নামে ঠিকানাহীন আরো ১জনসহ মোট ১২জনের করোনা শনাক্ত হয়েছে।

জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৪জন। এদের মধ্যে ইসলামপুর উপজেলায় ২ নারীর মৃত্যু হয়। তারা মারা যাওয়া পর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল। এদিকে দেওয়ানগঞ্জ এবং মেলান্দহ একজন করে মারা গেছে।

এখন পর্যন্ত সদর উপজেলায় ৫০, মেলান্দহে ৪৬, ইসলামপুরে ২৬, মাদারগঞ্জে ১৩, সরিষাবাড়িতে ১৩, বকশীগঞ্জে ১২, দেওয়ানগঞ্জে ৯জনসহ মোট ১৬৯জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সুস্থ হয়েছে ফিরে গেছেন মোট ৮৫জন।

ইত্তেফাক/আরকেজি