বিএনপি নেতা আমীর খসরু জামিনে মুক্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার সকালে কারাগার থেকে তিনি মুক্তি পান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার মনির হোসাইন ইত্তেফাককে বলেন, গত রবিবার উচ্চ আদালত থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আমীর খসরুর জামিনপ্রাপ্তির কাগজপত্র আসে। বিষয়টি যাচাই করে তাকে মুক্তি দেওয়া হয়।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় কুমিল্লার নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে উসকানিমূলক তত্পরতার অভিযোগ ওঠে আমীর খসরুর বিরুদ্ধে। গত ৪ আগস্ট নগরীর কোতোয়ালি থানায় এ অভিযোগে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর আইসিটি আইনে একটি মামলা করেন। গত ২১ অক্টোবর আমীর খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।