স্টাফ রিপোর্টার, বগুড়া
করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন বগুড়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বগুড়ার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুন্নাহার পুতুল বগুড়া-৭ আসনের প্রয়াত সংসদ সদস্য মোস্তাফিজার রহমান পটলের সহধর্মিণী। সামির হোসেন জানান, বুধবার তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। শুক্রবার রিপোর্ট আসার কথা রয়েছে।
হাসপাতাল থেকে পালিয়েছেন করোনা রোগী
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে করোনা আক্রান্ত এক রোগী পালিয়ে গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট থেকে পালিয়ে যান তিনি। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল বলেন, শুক্রবার হাসপাতালের চিকিত্সক ও কর্মচারীরা আশঙ্কাজনক অন্য এক রোগী নিয়ে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে করোনা পজিটিভ এক রোগী পালিয়ে গেছেন।