নেত্রকোনায় দুই সহস্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

কোভিড-১৯ মোকাবিলায় এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুই হাজার অসহায় পরিবারের মধ্যে নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতি খাদ্য বিতরণ করেছে। গতকাল শুক্রবার এবং গত বৃহস্পতিবার নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন, আমতলা ইউনিয়ন, কাইলাটি ইউনিয়ন, চল্লিশা ইউনিয়ন, রৌহা ইউনিয়ন ও নেত্রকোনা পৌরসভার অসহায় বিধবা, অতি দরিদ্র, প্রতিবন্ধী, গর্ভবতী মা, প্রবীণ ও শিশুদের জন্য এই খাদ্য বিতরণ করা হয়। স্বাবলম্বীর টিম এলাকায় গিয়ে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল, দুই কেজি চিনি, দুই কেজি লবণ, দুই কেজি তেল, দুই কেজি ডাল, দুইটা সাবান, দুই প্যাক সেমাই, এক কেজি মুড়ি ও ৫০০ গ্রাম দুধ প্রদান করা হয়। ছয়টি স্পটের মধ্যে সিংহের বাংলা ইউনিয়নের রায়দুমরুহী সমৃদ্ধি কার্যালয়ে খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, উপনির্বাহী পরিচালক কাজী ছহুল আহমেদ, প্রকল্প পরিচালক কৃষিবিদ আলতাফুর রহমান সেলিম।