গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

আটক দুই

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম-পশ্চিমপাড়ায় গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাসেল মিয়া (২২) নামের এক গরুচোর গ্রামবাসীর হাতে আটক হয়ে পরে গণপিটুনিতে মারা যায়। সে কিশোরগঞ্জ সদর উপজেলার জালিয়াপাড়া গ্রামের রিয়াজউদ্দিনের পুত্র। এই সময় গ্রামবাসীর হাতে জালিয়াপাড়া গ্রামের শাহীন (২২) ও আনার মিয়া (৩৫) আটক হয়। তাদেরকে পরে বনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার ভোররাতে ছয় জনের একটি দল বনগ্রাম-পশ্চিমপাড়া গ্রামের হুমায়ুন কবীর বাদলের গোয়ালঘর থেকে গরু চুরি করে পিকআপ ভ্যানে তুলে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে ভ্যানসহ তিন জনকে আটক করে গণপিটুনি দেয়। রাসেল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। তাদের অপর তিন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। গচিহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।