স্টাফ রিপোর্টার, রাজশাহী
করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে রাজশাহী জেলা ও মহানগরের মার্কেট-দোকানপাট বন্ধ রাখতে বলেছে প্রশাসন। কিন্তু প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে এখনও কিছু ব্যবসায়ী কৌশলে দোকান খুলছেন। তারা রাস্তায় অথবা দোকানের পাশে দাঁড়িয়ে থাকছেন। ক্রেতা ধরে দোকানের শাটার তুলে ভেতরে ঢুকিয়ে অথবা মালামাল এনে বিক্রি করছেন।
এভাবে বিক্রিতে জড়িত ব্যবসায়ী এমনকি ক্রেতাদের যারা গোপনে ঈদের বেচাকেনা করছেন তাদের ধরে জরিমানা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। করোনার ঝুঁকি এড়াতে শুক্রবার রাজশাহী নগরীর সাহেববাজারে এভাবে বেশ কয়েক জনকে জরিমানা করতে দেখা যায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় তার অভিযানে ছিলেন।