নরসিংদীতে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা

উপসর্গ নিয়ে মৃত্যু ছয়

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। বিশেষত বাজার ও বিভিন্ন শপিংমল চালু করার পর আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টায় ২০ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩৫৫ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে নরসিংদী জেলাতে প্রবেশ ও জেলা থেকে কেউ যেন বের হতে না পারে সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

শহরের মার্কেটগুলোতে প্রচণ্ড ভিড়ের সঙ্গে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই শহরে করোনা ভাইরাস প্রতিরোধে মাইকিংসহ অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল শুক্রবার নরসিংদী সিভিল সার্জন অফিসের তথ্যমতে করোনায় আক্রান্ত  হয়েছে ২০ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫৫ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৬৫৭ জনের। রিপোর্ট পাওয়া গেছে ২ হাজার ৩২৫টি নমুনার। আইসোলেশন মুক্ত হয়েছেন ১৬৭ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ১৩ জন এবং হোম আইসোলেশনে আছেন ১৭১ জন। নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন জানান, নরসিংদীতে এ পর্যন্ত মোট চার জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো ছয় জন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।