আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট চালু করায় কঠোর অ্যাকশন চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন ও সহকারী কমিশনার ভূমি মো. উজ্জল হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, সরকার স্বাস্থ্যবিধি মেনে মার্কেট চালু করার অনুমতি দেয়। কিন্তু কোনোরকম স্বাস্থ্যবিধি মানছে না ক্রেতা ও বিক্রেতাগণ। ফলে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক মার্কেট বন্ধ করে দেওয়া হয়। এরপর শুক্রবার সকালে হঠাত্ দুবাই প্লাজা, পিংকি মার্কেট, শাহাজালাল মার্কেটসহ সব মার্কেট চালু করা হয়। এতে শত শত লোক জড়ো হয়ে যায়। এই খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সকাল ১১টায় অভিযান শুরু করা হয়। অভিযান চলে পৌনে ১টা পর্যন্ত। অভিযানের সময় দোকান মালিক, ক্রেতা ও বিক্রেতাগণ দোকান বন্ধ করে দৌড়ে পালান।