ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সুপার সাইক্লোন আম্ফানে দেশে ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির কক্ষে সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যখনই দেশে কোনো দুর্যোগ আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটান। আম্ফানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সারারাত তিনি মনিটরিং করেছেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে।
মন্ত্রী এসময় নানা গুজবের বিরুদ্ধে মূলধারার সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রাখছেন বলে উল্লেখ করেন। একইসঙ্গে ঈদের পরপরই গুজব রটনাকারী ভুয়া অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় সংকটে পড়া সাংবাদিকদের এককালীন জনপ্রতি ১০ হাজার টাকা করে দেওয়ার তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা তুলে ধরে ড. হাছান বলেন, এটি ঈদের পর শুরু হবে এবং এ সহায়তা কারা পাবেন, সাংবাদিক ইউনিয়নই তা ঠিক করবে।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি নজরুল কবীর, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, দৈনিক বর্তমানের প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।