ডেমরায় পুকুর থেকে লাশ উদ্ধার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ডেমরায় ইউসুফ (৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি- তিনি মানসিক ভারসাম্যহীন ও বিভিন্ন দরগায় ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার মেন্দীপুরস্থ জামান মিয়ার বাড়িসংলগ্ন খানকায়ে মাহবুবিয়া দরবারের উত্তর পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল খয়েরি কালার লুঙ্গি ও শার্ট। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত ইউসুফ ডেমরার আমুলিয়াস্থ বেপারিপাড়ার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ও গ্রামের বাড়ি চাঁদপুরে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই মৃতের বড়োভাই আব্দুস সোবহান ডেমরা থানায় অপমৃত্যু মামলা করেছেন। নিহতদের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন্স) নূরে আলম সিদ্দিকী বলেন, ইউসুফ চাকরিজীবী ছিলেন। পরিবারের সবাই প্রতিবন্ধী। ইউসুফ বিভিন্ন মাজার ও দরগায় দরগায় ঘুরতেন। বৃহস্পতিবার সকালে ইউসুফ বাসা থেকে বের হন। ঐদিন সকাল থেকে দুপুরের মধ্যে যে কোনো সময় খানকায়ে মাহবুবিয়া দরবারের পাশের ঐ পুকুরে পড়ে মারা যান তিনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।