মমতাকে ফোন করে খবর নিলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সুপার সাইক্লোন আম্ফানে ক্ষয়ক্ষতির বিষয়ে  খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করেন এবং পশ্চিমবঙ্গে আঘাত হানা সাইক্লোনে ক্ষয়ক্ষতির বিষয়ে তার কাছে জানতে চান।

প্রধানমন্ত্রী সাইক্লোনে জানমালের ক্ষয়ক্ষতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমবেদনা জানান এবং অচিরেই রাজ্য সরকার এই ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সমবেদনা জ্ঞাপন করায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সুপার সাইক্লোন আম্ফান গত বুধবার বিকালে বাংলাদেশে আঘাত হানে, এর আগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। আম্ফানের ঝাপটায় পশ্চিমবঙ্গেই ক্ষতি হয়েছে বেশি।