ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যক্তিগত গাড়ির সারি

করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফিরছে মানুষ। ঈদুল ফিতরের ছুটিতে সড়ক-মহাসড়কে পুলিশি বাধা সরিয়ে নেওয়ায় যে যেভাবে পারছেন সেভাবে বাড়ি যাচ্ছেন। তবে বেশি দেখা যাচ্ছে ব্যক্তিগত গাড়ি। গত কয়েকদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে সরকারি নিষেধাজ্ঞার কারণে পুলিশের চেকপোস্ট ছিল। কিন্তু শুক্রবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।

করোনা সংক্রমণ ঠেকাতে গত ১০ এপ্রিল কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এরপর থেকে নগরী ছাড়াও জেলার ১৭টি উপজেলার ৩২টি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে পুলিশ। এতে জরুরি সেবার আওতাবহির্ভূত সকল ধরনের যানবাহন এবং গণপরিবহন বন্ধ হয়ে যায়। দেশের অর্থনীতির ‘লাইফলাইন’ খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকাই কুমিল্লা অংশে। বিশাল এ মহাসড়কে লকডাউন কার্যকরে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমসহ যানবাহন চলাচলে বাধা প্রদান করে হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা। তখন  মহাসড়ক দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল করছিল। গত কয়েকদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে ঘরমুখো মানুষ কুমিল্লাসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় যেতে মহাসড়কের দাউদকান্দিতে আসেন। কিন্তু পুলিশি বাধার কারণে তাদের অনেককে আবার ফিরে যেতে হয়েছে। আবার কেউ কেউ কৌশলে পায়ে হেঁটে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঘরে ফিরেছেন।

শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে ব্যক্তিগত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করায় নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ। শুক্রবার বিকালে মহাসড়ক দিয়ে ঢাকা থেকে আসা বেশ কয়েকজন চালক ও যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, গণপরিবহন বন্ধ থাকার সুযোগে ঈদকে কেন্দ্র করে  বহু প্রাইভেট কার ভাড়ায় যাত্রী বহন করছে। রেন্ট-এ কারের গাড়িগুলো গলাকাটা ভাড়ায় ‘প্রাইভেট’ কার সেজে যাত্রী বহন করছে। দাউদকান্দি হাইওয়ে মডেল থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন বলেন, মহাসড়কের দাউদকান্দি অংশে গত কয়েকদিন যাবত্ ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বেড়ে গিয়েছিল। নিরাপত্তার স্বার্থে পণ্যবাহী গাড়ি এবং জরুরি সেবার আওতাবহির্ভূত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন এ জেলায় প্রবেশ করতে দেইনি। শুক্রবার নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর যাদের ব্যক্তিগত যানবাহন রয়েছে, শুধু তারাই যাতায়াত করতে পারছেন।