ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ব্যবসায়ীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চলমান লকডাউন ভেঙে বৃহস্পতিবার কয়েক শ লোকের উপস্থিতিতে এক ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। এনিয়ে স্থানীয় জনমনে নতুন করে করোনা সংক্রমণের আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে ব্যাংকের ম্যানেজারসহ নবীনগরে আরো সাত জন করোনায় আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।
এদিকে মানববন্ধনে অংশ নেওয়া কয়েক শ লোককে কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনার পর নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, উপজেলার বাড্ডা গ্রামের ডেঙ্গাপাড়ার বাসিন্দা স্থানীয় লগ্নি ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া (৫০) গত ১৫ মে রাতে খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একই গ্রামের মোতালেব মিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ পরদিনই মোতালেবকে গ্রেফতার করে। তবে মোতালেব গ্রেফতারের পরও স্থানীয় একটি মহলের উদ্যোগে বৃহস্পতিবার অন্যান্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কঠোর লকডাউনের মধ্যেও কোনো ধরনের অনুমতি না নিয়েই বিশাল এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের সংবাদটি স্থানীয় অনলাইন টিভিতে প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।