করোনায় আক্রান্ত সাংবাদিক সুমন মাহমুদের ইন্তেকাল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাসদের সাবেক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও সাংবাদিক সুমন মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। গতকাল শুক্রবার রাজধানীর আসগর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার স্ত্রী প্রফেসর ডা. পারভীন শাহীদা আকতার দেশের প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ।

সুমন মাহমুদের ইন্তেকালে গভীর শোক জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গতকাল এক শোকবার্তায় বলেন, ’৬০-এর দশকে ছাত্রলীগের নেতা হিসেবে সুমন মাহমুদ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএলএফ-এর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলটির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৭৯-৮১ সালে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি সক্রিয় দলীয় রাজনীতি ছেড়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে যুক্ত ছিলেন।