হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীরা ন্যূনতম চিকিত্সা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ডে মহানগর উত্তরের যুগ্ম-সম্পাদক এম কফিলউদ্দিনের উদ্যোগে দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য হাসপাতালে কোনো বেড নেই। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিকিত্সার জন্য মানুষ হাহাকার করছে।’ তিনি বলেন, মানুষ করোনায় আক্রান্ত হলেও চিকিত্সকের কাছে যাচ্ছে না। যদি পজিটিভ হয় কোথায় চিকিত্সা নেবে তারা? হাসপাতালে বেড নেই, চিকিত্সা নেই। সরকার ফ্লাইওভার করেছে কিন্তু একটা হাসপাতালও (করোনা হাসপাতাল) নির্মাণ করেনি। হাসপাতালে প্রয়োজনীয় যে আধুনিক সরঞ্জাম দরকার সেটা দেয়নি। করোনায় আক্রান্ত হলে অক্সিজেন সবচেয়ে বেশি প্রয়োজন হয়। সেই অক্সিজেন সিলিন্ডার বাংলাদেশের ৯০ শতাংশ হাসপাতালে নেই। অক্সিজেন মাস্ক যেটা দরকার সেটা ৮০ শতাংশ হাসপাতালে নেই। ফলে একের পর এক মানুষ মারা যাচ্ছে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য খাতে কম বরাদ্দের অভিযোগ এনে সরকারের কঠোর সমালোচনা করেন রিজভী।
এ সময় মহানগর উত্তরের আহসানউল্লাহ হাসান, এ বি এম এ রাজ্জাক, মোতালেব হোসেন রতন, মমতাজ উদ্দিন, এফ ইসলাম চন্দন, সফুরউদ্দিন মৃধাসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।