প্রকৌশলী দেলোয়ারের খুনিদের দ্রুত বিচার দাবি করলেন গাজীপুর মেয়র

গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৭) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের (৫০) হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। শুক্রবার বিকালে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ মতামত ব্যক্ত করেন।

মেয়র বলেন, ইতোমধ্যে প্রকৌশলী দেলোয়ার হোসেনকে খুনের অভিযোগে পুলিশ গাসিকের অঞ্চল-৭ এর সহকারী প্রকৌশলী আনিসুর রহমান সেলিম, ভাড়া করা গাড়িচালক হাবিব ও ভাড়াটে খুনি শাহিন হাওলাদারকে গ্রেফতার করেছে। এর মধ্যে শাহীন ও হাবিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং অপর আসামি প্রকৌশলী সেলিমকে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি জানান, এ হত্যাকান্ডের সঙ্গে যারাই জড়িত ও ইন্ধনদাতা তাদের সকলকে বিচারের আওতায় আনা এবং দ্রুত বিচারের মুখোমুখি করা প্রয়োজন। পাশাপাশি তিনি নিহত প্রকৌশলীর দেলোয়ার হোসেনের পরিবারকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব রকম সহযেগিতার আশ্বাস দেন।

গত ১১ মে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের একটি ফাঁকা জায়গা থেকে প্রকৌশলী দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. খোদেজা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর নিহত দেলোয়ারের সহকর্মী সহকারী প্রকৌশলী আনিসুর রহমান সেলিমসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।