দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোরশেদুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি গ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদের ভাই।
মোরশেদুল আলমের বয়স হয়েছিল ৬৬ বছর। তার ৩ ছেলে। তিনি বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, মোরশেদুল আলমসহ তার পরিবারের ৬ সদস্যের (পাঁচ ভাই ও একজন ড্রাইভার) গত ১৭ মে করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে মোরশেদুল আলমের শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিলো। গত বৃহস্পতিবার উনি শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের করোনা বিশেষায়িত জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। গতকাল শুক্রবার সারাদিন তার শারীরিক অবস্থা ভালো থাকলেও সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক দফা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর রাত সাড়ে দশটার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।