বরাবরের মতই এ বছরও ছায়ানটে আয়োজন করা হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী। তবে এবারের আয়োজনে থাকবে না কোন দর্শক বা আগ্রহীদের ভিড়। অনুষ্ঠানটি দেখতে ভিড় জমাতে হবে ছায়ানটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
২৩ মে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা সাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বাঙালির হাজার বছরের ঋদ্ধ ইতিহাসে অনন্য এক নাম কাজী নজরুল ইসলাম। অসাম্প্রদায়িকতা ও মানবতার তূর্যবাদক নজরুল বাঙালির দুর্দিন ও সংকটকালের চিরবন্ধু। নজরুল চেতনাকে ধারণ করে বাঙালি আজ মহাদুর্যোগের এই অন্ধকার পথ পাড়ি দিতে চায়।
সেখানে আরো জানানো হয়, সোমবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে 'নব যুগ ঐ এলো ঐ' সন্ধ্যা ৭টায় দেখা যাবে 'ছায়ানটের ডিজিটাল প্লাটফর্ম' ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি দেখতে পাবেন এই ঠিকানায়: http://bit.ly/chhayanaut
ইত্তেফাক/আরএ