গোপালগঞ্জে চেয়ারম্যানের রাইস মিলে মাদকের রমরমা বাণিজ্য চলছে। জুয়ার আসরে এসে এলাকার অনেকই নিঃস্ব হয়েছেন। এই রাইস মিল যেন একটি মিনি ক্যাসিনো। এমনই অভিযোগ করেন এলাকাবাসী।
শনিবার ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামানের মিনারের জামান অটো রাইস মিল থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের জলিরপাড় গ্রামের আজিজ মোল্লার ছেলে মোহাম্মদ আলী মোল্লা (৫৩), গোহালা ইউনিয়নের লখন্ডা গ্রামের মৃত আইনদ্দি শেখের ছেলে দেলোয়ার শেখ (৫৫), একই গ্রামের মৃত নান্নু শেখ শেখের ছেলে কাবিল শেখ (৪৮), ননীক্ষীর ইউনিয়নের পাথারঘাটা গ্রামের মৃত আবু তালুকদারের ছেলে ওমর তালুকদার (৫৭) ও ভাটরা গ্রামের মৃত আজাহার চোকদারের ছেলে লাবলু চোকদার (৪০)।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল বশার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের রবিবার গোপালগঞ্জের আদালতে চালান করা হয়েছে।
ঐ মিলে জুয়ার আসর বসেছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান, ননীক্ষীর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিনারের ছোট ভাই আল আমিন মিনা রাইস মিলে চালের ব্যবসার আড়ালে মিনি ক্যাসিনো চালিয়ে আসছেন।
এছাড়া রাইস মিলে মাদকের রমরমা বাণিজ্য চলছে বলেও এলাকাবাসী অভিযোগ করেন। জুয়ার আসরে এসে এলাকার অনেকই নিঃস্ব হয়েছেন।
এলাকার প্রভাবশালীরা জুয়ার আসর, মাদক ও অবৈধ কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ কারণে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যানের ছোট ভাই আল আমিন মিনারের ফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/জেডএইচ