প্রতিবেশীদের অপমানে ক্ষোভে বাড়ি ছাড়লেন করোনা রোগী

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের করোনায় আক্রান্ত আল আমিন হোসেন (৩৫) বাড়ি থেকে পালিয়ে গেছেন। প্রতিবেশীদের অপমান ও অমানবিক আচরণে রবিবার ভোরে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে সাহারবাটি এবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ে আইসোলেশনে রাখা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, করোনায় আক্রান্ত ব্যক্তি বাড়ি থেকে চলে গেছে এমন সংবাদ পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা  হয়। পরে তার সন্ধান পেয়ে সাহারবাটি এবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ে আইসোলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, করোনায় আক্রান্ত ব্যক্তির সার্বিক নিরাপত্তাসহ খোঁজ খবর রাখা হচ্ছে। 

 

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, স্থানীয়দের সচেতন ও আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সঙ্গে মানবিক আচরণ করার নির্দেশনা দেয়া হয়েছে। অমানবিক আচরণ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আক্রান্ত ব্যক্তির পরিবার ও স্বজনরা জানান, করোনা আক্রান্ত হওয়ার পর প্রতিবেশীরা অমানবিক আচরণ করে। এ কারণে অভিমান করে আল আমিন ভোরে বাড়ি থেকে চলে যায়। 

ইত্তেফাক/ইউবি