রাজশাহীতে কাউন্সিলরের ছেলে করোনায় আক্রান্ত

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে রাজশাহীতে এক ওয়ার্ড কাউন্সিলরের ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (২৪ মে) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি রাজশাহী সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল আলম আজবের ছোট ছেলে। তার বাড়ি লকডাউন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরসহ তার বাড়ির সদস্যদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। 

পরিবারের বরাত দিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আক্রান্ত হওয়ার আগে ২৭নং ওয়ার্ড কাউন্সিলরের ছোট ছেলে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণের কাজে অংশ নেন। এছাড়া জরুরি কাজে প্রায় সবসময়ই তিনি বাড়ির বাইরে থাকতেন। এজন্য নিজ থেকেই তার করোনা পরীক্ষা করার জন্য নমুনা দেন। পরে পরীক্ষায় তার ফল পজিটিভ আসে।

ওসি আরও বলেন, করোনা পজেটিভ নিশ্চিতের পর রবিবার রাতেই ওই কাউন্সিলরের বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবারের সকলকে বাড়িতে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তিকে বাড়িতেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এদিকে রবিবার পর্যন্ত রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জন। নগরীতে সংখ্যাটি বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ জন।

ইত্তেফাক/এমআর