মায়ের অনুমতি ছাড়া ফেসবুকে নাতি-নাতনিদের ছবি পোস্ট করায় বিপাকে পড়েছেন দাদি।ছবিগুলো সরিয়ে নিতে দাদিকে নির্দেশ দিয়েছে ডাচের একটি আদালত।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফেসবুক এবং পিন্টারেস্ট থেকে নাতি-নাতনিদের ছবি সরিয়ে নিতে বেশ কয়েকবার দাদিকে বলেছিলেন সন্তানদের মা। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি। ফলে পরিবারটি আদালতের দ্বারস্থ হয়।
বিচারক রায়ে বলেন, ১০ দিনের মধ্যে নাতি-নাতনিদের ছবি ফেসবুক পিন্টারেস্ট সরিয়ে ফেলতে হবে। যদি তিনি তা না করেন, তাহলে তাকে প্রতিদিন ছবিগুলোর জন্য ৫৫ ডলার জরিমানা দিতে হবে। সর্বাধিক এক হাজার ১০০ ডলার জরিমানা গুণতে হবে।
আদালতের রায়ে বলা হয়, মায়েদের মতে শিশুদের ছবি প্রকাশ করা গুরুতরভাবে তাদের গোপনীয়তা লঙ্ঘন করার শামিল।
আরো বলা হয়, ফেসবুকে শেয়ার করা ছবি তৃতীয় কোনো পক্ষের হাতে আসতে পারে না এটা বলা যায় না।
নেদারল্যান্ডের একটি প্রদেশ হচ্ছে জেল্ডারল্যান্ড। এর বিচারক জানান, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) আইন অনুসারে অনুমতি ছাড়া নাতি-নাতনিদের ছবি পোস্ট করার অনুমতি নেই।
জিডিপিআর হলো ইউরোপীয় ইউনিয়নের তথ্য গোপনীয়তা আইন, যা ২০১৮ সালে কার্যকর হয়েছিল।
ইত্তেফাক/জেডএইচ