ফরিদপুরের ভাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম (৭১) মারা গেছেন। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার (২৬ মে) রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন শোক প্রকাশ করেছেন। বুধবার (২৭ মে) সকালে পশ্চিম হাসামদিয়া মাদানি নগর জামে মাদ্রাসায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে দাফন করা হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানসহ পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধাগণ প্রমুখ।
আরো পড়ুন: ইকুয়েডরে মরদেহ শনাক্তে মর্গ এবং কন্টেইনারের দিকে ছুটছেন স্বজনরা
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহসিন মিয়া জানান, গত ২৫ মে ঈদের দিন তার করোনা পজিটিভ ধরা পড়ে। তেমন কোন উপসর্গ না থাকায় পৌরসদরের পশ্চিম হাসামদিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান ও ভাঙ্গা পৌরসভার মেয়র আবু রেজা মো. ফয়েজ, ভাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ডারগণ ও গণমাধ্যমকর্মীর গভীর শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/এএএম