মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের মহামারিতে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লাখ। যা বিশ্বের মোট সংক্রমণের প্রায় ৩০ শতাংশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪৪২ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে চার মাসেরও কম সময়ের মধ্যে এক লাখের বেশি লোক কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। সে হিসেবে অন্য যে কোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বেশি।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে ভাইরাসটি আবির্ভূত হওয়ার পর এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৫৭ লাখ লোক আক্রান্ত হয়েছে। আর বিশ্বজুড়ে করোনায় প্রাণ গেছে ৩ লাখ ৫৫ হাজার ৬২৯ জনের।
এ বছর ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে প্রথম সংক্রমণের কথা জানা গিয়েছিল।
যদিও ট্রাম্প প্রথমের দিকে ৫০ থেকে ৬০ হাজার লোক মারা যাবে বলে অনুমান করেছিলেন। পরে অবশ্য একলাখ লোক মারা গেলেও ট্রাম্প সন্তুষ্ট থাকবেন বলে জানিয়েছিলেন।
আরও পড়ুন:করোনা: ভারতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬,৫৬৬, মৃত্যু ১৯৪
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মৃত্যুর হারের দিক থেকে যুক্তরাষ্ট্র পরে রয়েছে বেলজিয়াম, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ড ও আয়াল্যান্ড। সিএনএন, রয়টার্স।
ইত্তেফাক/আরআই