দেশ টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘বাঘবন্দি’। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নুর, আলী যাকের, মেহজাবীন প্রমুখ।
রোদে পোড়া চামড়া, পোড় খাওয়া উদাসীন চোখ। মুখে বহুদিনের না কামানো কাঁচা-পাকা দাড়ি। গোঁড়ালির কাছে ভাঁজ করা ময়লা প্যান্ট আর রংচটা কাপড়ের জুতো—এই হচ্ছে ভাদু। ভাদুর বিচরণ ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর চারুকলা অনুষদ। ভাদুকে কখনো দেখা যায় ফুটপাথের পুরনো বইয়ের দোকানে। মনযোগ দিয়ে বই ঘাটে সে। কবিতার বই তার প্রথম পছন্দ। প্রায়ই মাঝে মধ্যে বকুলতলায় বসে ভাদুকে দেখা যায় কবিতা আওড়াতে। শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী ভাদুর আবৃত্তিতে ফিরে ফিরে আসে। চারুকলার কোন গাছে পেঁচা বাসা করেছে, কোন গাছের খোড়লে শালিক দম্পতি থাকে সব তার জানা। ভাদুর একমাত্র বিলাসিতা সে প্রতিদিন সকালে মোল্লার দোকানে গিয়ে তিন কাপ চা খায়। একটার পর একটা নয়, তিনটা কাপেই একসঙ্গে চুমুক দিয়ে গরম গরম চা খেতে ভালোবাসে ভাদু।