মেয়ের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না বাবার

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে নববিবাহিত মেয়ের শ্বশুরবাড়ি থেকে বৌভাতের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না বাবা নুর ইসলামের (৫০)। বুধবার বিকালে নৌকাডুবিতে কনের বাবাসহ আরো চার ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ঈদের পরদিন উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে নাজমা খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদী বিচ্ছিন্ন চর কলাকাটা নামানির চর এলাকার আব্দুল হাইয়ের ছেলে আলমগীর হোসেনের (২২) বিয়ে হয়। ঐদিন বৌভাতের দাওয়াত খেয়ে মেয়ের বাবা লোকজন নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ধরলা নদীতে ঝড়বৃষ্টি শুরু হলে লোকজন পলিথিন মাথার ওপর দেওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে প্রাণে বাঁচলেও চার জন নিখোঁজ রয়েছেন। উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।