‘১১টি অগ্নিনির্বাপণ যন্ত্রের মধ্যে ৮টিই মেয়াদ উত্তীর্ণ ছিল’

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সংঘটিত অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। হাসপাতালের সম্প্রসারিত অংশে ফায়ার ফাইটার, ফায়ার ড্রিল এবং ফায়ারটিম ছিল না। ১১টি অগ্নিনির্বাপণ যন্ত্রের মধ্যে মাত্র তিনটির মেয়াদ ছিল। অন্য আটটি অগ্নিনির্বাপণ যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। হাইড্রেন্ট কে চালাবে, কে কাজ করবে, কার দায়িত্ব এগুলো সুনির্দিষ্ট করা ছিল না। গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ঘটনা তদন্তে ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে উল্লেখ করে তিনি বলেন, তদন্তে কাজ করছে পুলিশ। ফায়ার সার্ভিস থেকে আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল উপস্থিত ছিলেন।