ডেপুটি স্পিকারের স্ত্রী আনোয়ারা বেগম আর নেই

বিশেষ প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর। আনোয়ারা বেগম স্বামী, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আনোয়ারা বেগমের মরদেহ সিএমএইচ থেকে ডেপুটি স্পিকারের নিজ বাড়ি গাইবান্ধার সাঘাটায় নেওয়া হয়। সেখানেই তাকে দাফন করা হয়েছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বিবৃতিতে আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। এছাড়া শোক জানান, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।

জেপির শোক :আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। এক যৌথ বিবৃতিতে জেপি নেতৃদ্বয় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।