রওশন এরশাদ এখনো সিএমএইচে

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ এখনো ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন। সামান্য শ্বাসকষ্ট ও বাম পায়ের গোড়ালিতে এলার্জিজনিত ইনফেকশন নিয়ে গত ১৬ মে সিএমএইচে ভর্তি হন তিনি। এবার রোজার ঈদ তার হাসপাতালেই কেটেছে।

সিএমএইচে ইতিমধ্যে রওশন এরশাদের করোনা পরীক্ষাও করা হয়েছে। ১৮ মে করোনার টেস্টের ফলাফল নেগেটিভ আসে। বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত কর্মকর্তা মামুন হাসান গতকাল বৃহস্পতিবার ইত্তেফাককে জানান, বিরোধীদলীয় নেতা সুস্থ রয়েছেন। তবে চিকিত্সকদের পরামর্শে আরো কয়েকদিন তিনি হাসপাতালে থাকবেন। মামুন জানান, মূলত পায়ের গোড়ালিতে ইনফেকশনের জন্যই হাসপাতালে যান রওশন এরশাদ। সন্দেহমুক্ত হওয়ার জন্য চিকিত্সকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিত্সকরা জানিয়েছেন, রক্তচাপ জনিত কারণে তার সামান্য শ্বাসকষ্ট ছিল, তবে সেটি ইতিমধ্যে সেরে গেছে।