সোশ্যাল মিডিয়ার ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়া বন্ধেরও হুমকি দিয়েছেন। একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন তিনি। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা খর্ব হতে পারে বলে ধারণা। যদিও নির্বাহী আদেশে কী আছে তা জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
গত মঙ্গলবার থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা কতোটা সত্য তা যাচাই করার সুযোগ দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এতেই প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার ওপর বেজায় ক্ষুব্ধ হন। তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনে হস্তক্ষেপ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সোশ্যাল মিডিয়া। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে তালা ঝোলানোর হুমকি দিলেও সিদ্ধান্তে অনড় এর নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরসি। তিনি বলেন, বিশ্বের যে কোনো নির্বাচনসংক্রান্ত তথ্যাদি নিয়ে সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। কোনো ব্যক্তি বিশেষের জন্য এটা নয়। তিনি টুইটারের কর্মীদের না জড়াতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।—রয়টার্স