বিনোদন রিপোর্ট
সারাবিশ্বে এখন যে সময়টা চলছে তাকে অসময়ই বলে মনে করছে বিশ্ববাসী। এই অসময়ের আশা করেনি কেউ। যা ছিল কল্পনারও বাইরে। এই অসময়েই নতুন প্রত্যাশা নিয়ে সমসাময়িক ১২ শিল্পী গেয়েছেন সময়ের গান ‘বাঁচি আশায় ভালোবাসায়’। কবির বকুলের লেখা এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। গেয়েছেন রুমানা ইসলাম খান, বাদশা বুলবুল, বাপ্পা মজুমদার, দীনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, হুমায়রা বশির, কোনাল, রাজা বশির, ইউসুফ আহমেদ খান, সাব্বির জামান, সমরজিত্ রায় ও প্রিয়ঙ্কা। মূলত খ্যাতিমান সংগীত ব্যক্তিত্ব বশির আহমেদ এবং মীনা বশিরের পুত্র-কন্যা হুমায়রা বশির ও রাজা বশিরের পরিকল্পনায় তৈরি করা হয়েছে গানটি। সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে তাদের ইউটিউব চ্যানেল সারগাম মিউজিক স্টেশনে। হুমায়রা বশির বলেন, ‘এখন যে সময়টা চলছে তা এক অন্যরকম সময়। আমরা যেন স্বাভাবিক জীবনের বাইরে অবস্থান করছি। মানুষকে নতুন করে ভাবতে হচ্ছে সবকিছু নিয়ে। আশা আর ভালোবাসাই এখন মানুষের একমাত্র ভরসা। এই গানের লাইনে লাইনে সেই প্রত্যাশার কথাই তুলে ধরেছেন গানের গীতিকার কবির বকুল। গানটি সব মহলের শ্রোতাকেই আকৃষ্ট করবে বলে আশাবাদী আমরা। এটি উত্সর্গ করা হয়েছে বশির আহমেদ ও মীনা বশিরকে।’