স্পোর্টস রিপোর্টার
ব্যক্তিগত কারণে পদত্যাগ করার পরও টানা দুই মেয়াদে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেন ভারতীয় আইনজীবী শশাঙ্ক মনোহর। অবশেষে তিনি জানিয়েছেন, তৃতীয় দফায় আর এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বোর্ডও তার এই মত মেনে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ফলে নতুন চেয়ারম্যান পেতে যাচ্ছে আইসিসি। মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে। ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন খ্যাতিমান এই ভারতীয় আইনজীবী। দুই বছরের জন্য দায়িত্ব নিলেও দশ মাস পূর্ণ হওয়ার আগেই অবশ্য পদত্যাগ করেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। পরে আইসিসি বোর্ডের অনুরোধে সাময়িকভাবে দায়িত্ব চালিয়ে যেতে রাজি হন। শেষ পর্যন্ত মত বদলে আবার পুরোপুরিই থেকে যান দায়িত্বে। ২০১৮ সালে টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছরের জন্য আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন মনোহর। তার এই সময়ে আইসিসি যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছে। তিন মোড়লের ধারণা থেকে বেরিয়ে এসেছে তারা। সেইসঙ্গে ভারতীয় বোর্ডের সঙ্গে তৈরি হয়েছে টানাপোড়েন। আগামী জুলাইয়ের শেষে আইসিসির বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন সংস্থাটির নতুন চেয়ারম্যান। সংবাদমাধ্যমের খবর, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান কলিন গ্রেভস হতে পারেন আইসিসির নতুন চেয়ারম্যান। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ বলেছিলেন, বিসিসিআই সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিনি। তার আগে সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড গাওয়ারও আইসিসির ভবিষ্যত্ প্রধান হিসেবে সৌরভের সম্ভাবনার কথা বলেছিলেন। এদিকে, বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধামাল রয়টার্সকে জানান, বিষয়টি নিয়ে তাদের বোর্ডে এখনো আলোচনা হয়নি। তবে মনোহরের উত্তরসূরি হওয়ার জন্য সৌরভের সামনে পথ খোলা আছে বলে মনে করেন তিনি।