স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফদের মধ্যে সবচেয়ে মোটা অঙ্কের বেতন পান ড্যানিয়েল ভেট্টোরি। কর কেটেও বিসিবির কাছ থেকে দৈনিক আড়াই হাজার ডলার পারিশ্রমিক পান বাংলাদেশের এই স্পিন কোচ। করোনা ভাইরাসের মহামারিতে বিসিবির অস্বচ্ছল কর্মীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়ক। করোনা সংকটের মধ্যে নিজের বেতনের কিছু অংশ বিসিবির কর্মীদের দান করার ইচ্ছা প্রকাশ করেছেন ভেট্টোরি।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, ‘ভেট্টোরি বলেছেন, তার বেতনের নির্দিষ্ট একটি পরিমাণ যেন আমরা বিসিবির অসচ্ছল কর্মীদের সাহায্য হিসেবে দিই। ক্রিকেট পরিচালনা বিভাগকে অনানুষ্ঠানিকভাবে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।’
বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের মাঝপথে বাংলাদেশ ছেড়েছিলেন ভেট্টোরি। করোনা ভাইরাসের কারণে তারপর আর ঢাকামুখী হতে হয়নি তাকে।