বিলুপ্তপ্রায় উল্লুকের আওয়াজ, বানরের লাফালাফি,পাখির কিচিরমিচির শব্দে লাউয়াছড়া বনে ফিরছে প্রাণচাঞ্চল্য। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উদ্যানটি বন্ধ ঘোষণা করা হয়। ফলে বনটি পর্যটকশূন্য হয়ে পড়ে। তাছাড়া সংরক্ষিত এই বনের ভেতর দিয়ে যাওয়া সড়ক ও রেলপথেও চলাচল বন্ধ হয়ে যায়। মনে করা হচ্ছে এতেই নতুন রূপে ফিরতে শুরু করেছে বন। সরেজমিন ঘুরে দেখা যায়, ১ হাজার ২৫০ হেক্টরের লাউয়াছড়া বনের ভেতর নীরব নিস্তব্ধ পরিবেশ। উল্লুকের আওয়াজ, হনুমান ও বানরের গাছে গাছে লাফালাফি, খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো প্রাণির বিচরণ লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানান, বিশ্বের বিলুপ্তপ্রায় উল্লুকসহ বিরল প্রজাতির বন্যপ্রাণী, উদ্ভিদ ও বৃক্ষরাজিসমৃদ্ধ লাউয়াছড়া জাতীয় উদ্যান।
গত কয়েক দশকে প্রাকৃতিক এ বনের গভীরতা অনেকটা হ্রাস পেয়েছে। প্রাচীনতম গাছগাছালি চুরি হয়ে যাওয়া, মাগুরছড়ায় গ্যাসকূপ বিস্ফোরণ, বনের ভেতর দিয়ে উচ্চৈশব্দে ট্রেন চলাচল, সড়কপথে যানবাহনের যাতায়াত, গাড়ির হর্ন, অত্যধিক দর্শনার্থীর বিচরণ, হই-হুল্লোড়, পার্শ্ববর্তী টিলাভূমিতে হোটেল, কটেজ ও বাণিজ্যিক কার্যক্রম সবমিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে বন ও বন্যপ্রাণী। তবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে ছুটি ঘোষণা ও যানবাহন বন্ধ হওয়ায় গত দুই মাস ধরে বনে পর্যটকের উপস্থিতি নেই। পাশাপাশি ট্রেন ও যানবাহন বন্ধ হওয়ায় গাড়ির হর্ন ও উচ্চৈশব্দ বন্ধ হওয়ায় বনের প্রাণিসমূহের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
লাউয়াছড়া পুঞ্জির বাসিন্দা সাজু মারচিয়াং বলেন, এই বনে প্রতিনিয়ত পর্যটকদের ভিড় দেখা যেত। করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর উদ্যান বন্ধ ঘোষণা করায় লাউয়াছড়া বনে যেন ফিরে এসেছে নতুন রূপ। সরকার যদি প্রতি বছর কয়েক মাসের জন্য উদ্যান বন্ধ ঘোষণা করত তাহলে বন্যপ্রাণী ও প্রকৃতির জন্য খুবই ভালো হতো। অনুসন্ধানের জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানটিতে পুরোনো প্রাকৃতিক গাছগুলো ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। কাঠচোর চক্রের অপ-তত্পরতাসহ নানাবিধ কার্যক্রমের ফলে এই বনের সংকটাপন্ন অবস্থা। এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান বন্যপ্রাণীর স্বাচ্ছন্দ্যের কথা স্বীকার করে বলেন, আসলে দিনেরবেলা মানুষের চলাচলের কারণে প্রাণী অবাধ চলাচলে ভয় পেত। এখন মানুষের অবাধ চলাচল না থাকার কারণে স্বাচ্ছন্দ্যে রয়েছে বনের প্রাণী।