পিরোজপুরে হামলায় আহত রাজমিস্ত্রির মৃত্যু

পিরোজপুর শহরতলীর বড়ো ভাইজোড়া গ্রামে দুই সপ্তাহ আগে প্রতিপক্ষের হামলায় আহত জসিম হাওলাদার (৩৮) নামের এক রাজমিস্ত্রি গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টায় মারা গেছেন। পিরোজপুরে জেলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, মৃত জসিম হাওলাদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নাঈম খান নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।