সোনারগাঁওয়ে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করলেন ইউএনও

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে শামীম ভুঁইয়া (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ী গ্রামে ঐ ব্যক্তির মৃত্যু হয়। ঐদিন রাতে খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাদিপুর হলদাবাড়ী গিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে মৃত শামীমের লাশ দাফনের ব্যবস্থা করেন।

এলাকাবাসী জানায়, এলাকার নুর রহমান ভুঁইয়ার ছেলে শামীম ভুঁইয়া কয়েক দিন ধরে জ্বর-কাশি ও ঠান্ডায় ভুগছিলেন। গত তিন দিন আগে শামীম ভুঁইয়ার শরীর থেকে নমুনা নিয়ে আসেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকরা। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার বিকালে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম শামীমের বাড়িতে হাজির হন। এছাড়া স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমও হাজির হয়। পরে ইউএনও নিজে শামীমের লাশ দাফনের কাজ সম্পন্ন করেন। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত হয়ে শামীম ভুঁইয়া মারা যান। মৃত্যুর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঐ বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে শামীমের লাশ দাফন করেছি।

এর আগে আরো ছয় জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। পরে তাদের করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনায় সাত জন মারা যান।