ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দেশবাসী গভীর উদ্বিগ্ন। লকডাউন বা ছুটির মূল উদ্দেশ্য সফল হয়েছে কি না—সেটির কোনো মূল্যায়ন না করেই সরকার অবিবেচকের মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য জাতিকে চরম মাশুল দিতে হবে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। রব বলেন, দেশে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। উচ্চবিত্ত, শিল্পপতি—কেউই রেহাই পাচ্ছেন না। করোনা সংক্রমণ বিস্তার রোধ না করতে পারলে পরিস্থিতি ভয়াবহ হবে।
উদ্ভূত পরিস্থিতিতে জেএসডি প্রধান রব পাঁচটি পরামর্শ তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে—যথেষ্টসংখ্যক করোনা পরীক্ষার জন্য প্রতি জেলায় ল্যাব স্থাপন, নিরন্ন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক ধাপে ধাপে লকডাউন প্রশ্নে পদক্ষেপ গ্রহণ, ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা সংস্কারে অবিলম্বে ‘জাতীয় স্বাস্থ্য কাউন্সিল’ গঠন এবং করোনা মোকাবিলায় জাতিকে উদ্বুদ্ধ করতে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল ও পেশার প্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা।