কাভার্ড ভ্যান জব্দ
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর খিলগাঁওয়ে একটি কাভার্ড ভ্যান আটকের পর তল্লাশি চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন সোহেল (৩৬) ও মিজান (৪৫)।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি উত্তর বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার শাহজাহানের নেতৃত্বে খিলগাঁও থানা এলাকায় একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালায় ডিবি। ঐ গাড়ি থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার ও গাড়িটি জব্দ করে ডিবি।
গ্রেফতারকৃতরা জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো কাভার্ড ভ্যানের স্টিলের বডির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকা নিয়ে আসেন। তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসা করছেন। তাদের বিরুদ্ধে এ ঘটনায় খিলগাঁও থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে ডিবি।