ভারত ও চীন সীমান্তে অচলাবস্থা অব্যাহত রয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেজাজ ঠিক নেই। তিনি এ বিষয়ে নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করেছেন বলে জানিয়েছেন। তবে নয়াদিল্লির একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্প্রতি সীমান্ত নিয়ে কোনো আলোচনা হয়নি প্রধানমন্ত্রী মোদির। এদিকে চীনও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। খবর দ্য হিন্দু ও এনডিটিভির
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারত ও চীনের মধ্যে চলমান বিবাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুই দেশের মধ্যে বড়ো বিবাদ রয়েছে। আমি আপনাদের প্রধানমন্ত্রীকে পছন্দ করি। উনি খুব ভালো মানুষ। ট্রাম্প আরো বলেন, ভারত খুশি নয়। আবার সম্ভবত চীনও খুশি নয়। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। চীনের সঙ্গে যাই হয়ে থাকুক, তার মেজাজ ভালো নেই। এর আগে গত বুধবার ট্রাম্প ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন।
আলোচনার দাবি নাকচ ভারতের
নয়াদিল্লির সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বশেষ কথা হয়েছে চলতি বছরের ৪ এপ্রিল। ঐ দিন তিনি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের রফতানি নিয়ে কথা বলেছিলেন। সরকারের ঐ সূত্র নিজের নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছেন। তিনি বলেন, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি নিয়ে বিস্মিত।
মধ্যস্থতার প্রস্তাব খারিজ চীনেরও
প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব খারিজ করে চীন জানিয়েছে, দুই দেশ আলোচনা ও পরামর্শের মাধ্যমে বিষয়গুলোর যথাযথভাবে সমাধান করতে সক্ষম। এর আগে ভারতও জানায়, সমস্যা সমাধানে সেনাবাহিনী এবং কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। ভারত এবং চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে।