কচুয়ার বাইছারা গ্রামে গতকাল শুক্রবার জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঐ যুবকের নাম হাফেজ এনামুল হক (২২)। তিনি স্থানীয় হাজি মুজিবুর রহমানের ছেলে। মাত্র ছয় মাস আগে তার বিয়ে হয়। স্বামীর হত্যার খবর শুনে অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই মাওলনা নোমান শিকারী জানান, ‘সকালে তারা বাইছারা বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। বাড়ির সামনে ব্রিজের কাছে পৌঁছলে একই এলাকার হোসেন শিকারী, আলম মিয়া, শরীফ, রাসেল, দুলালসহ ১৫-২০ জন ব্যক্তি হাফেজ এনামুল হকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে পিটিয়ে জখম করে। এ সময় তার চিত্কারে স্থানীয় লোকজন এসে তাকে মুমূর্ষু অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে এনামুল মারা যায়।’ নিহতের চাচি ঝর্ণা বেগম জানান, ‘হামলাকারীদের সঙ্গে জমি নিয়ে মামলা চলছে। তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা।’ কচুয়া থানার ওসি ওয়ালী উল্যাহ অলি জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’