পবিত্র মদিনার মসজিদে নববি সর্বসাধারণের জন্য আগামীকাল রবিবার ৩১ মে খুলে দেওয়া হবে। তবে যথারীতি বন্ধ থাকবে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ। সৌদি সংবাদ সংস্থা (এসপিএ) ও হারামাইন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ দুই মাস ধরে পবিত্র দুই স্থান মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ওমরাহ কার্যক্রমও। সৌদি আরব দেশটিতে মহামারি করোনার বিস্তার রোধে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ৩১ মে থেকে ২০ জুন মোতাবেক ৮ শাওয়াল থেকে ২৮ শাওয়াল পর্যন্ত সময়ের মধ্যে দেশব্যাপী সব মসজিদ পর্যায়ক্রমে মুসল্লিদের নামাজের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ওমরাহ। শুধু তাই নয়, বন্ধ থাকবে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ। সব মুসল্লি ও জেয়ারতকারীদের পুরিপূর্ণ জীবাণুমুক্তকরণের ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই মসজিদে নববিতে প্রবেশ করতে হবে। উল্লেখ্য, মদিনার মসজিদে নববিসহ সব মসজিদেই ১৫ মিনিটের মধ্যে নামাজ সম্পন্ন করতে হবে বলেও জানিয়েছে দেশটির ইসলামিক মন্ত্রণালয়।